অভিনয় শিল্পী সংঘের নির্বাচন প্রস্তুতি শুরু

অভিনয় শিল্পী সংঘের দুই বছরের মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। এবার নতুন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার-সহ পুরো নির্বাচন কমিটি ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম। এছাড়া সহযোগি নির্বাচন কমিশনার হিসেবে আছেন কামাল বায়েজিদ, ড. মোহাম্মদ বারী, আফরোজা বানু এবং এস এ হক অলিক। সম্প্রতি অনুষ্ঠিত শিল্পী সংঘের সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই সভা। শিগগিরই নির্বাচন কমিশনাররা নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানানো হয় সভায়। আগামী মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবীব নসিম, জাহিদ হোসেন শোভন, ইন্তেখাব দিনার, আনিসুর রহমান মিলন, আজাদ আবুল কালামসহ অনেকেই।