ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ডিমলায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার উপজেলার ২৩৫১ জন ন্যাশনাল সার্ভিস কর্মী মানববন্ধন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে উপজেলার ৮৬৩ জন যুব মহিলা ও ১৪৮৮ জন বেকার যুবককে ন্যাশনাল সার্ভিসের আওতায় বিভিন্ন দপ্তরে দুই বছর মেয়াদে চাকরি প্রদান করা হয়। মেয়াদ শেষে ডিমলা উপজেলার প্রকল্পটি বন্ধ করে দেওয়া হলে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন- ডিমলা উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আহবায়ক হাবিবেই আজম বাবু, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নীরেন্দ্র নাথ রায়, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ন্যাশনাল সার্ভিস কর্মী মো. সুলতান হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে ডিমলা উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাধীন কর্মীদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানান। মানববন্ধন শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।