সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের মধ্যে জমজ পুত্র সন্তান প্রসব করেছেন এক মা। শনিবার দুপরে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা সিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পরে বাসের স্টাফদের সহায়তায় নবজাতক ও তাদের মাকে চান্দাইকোনা হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর কুমার রায় জানান, তারা সুস্থ আছে।
এদিকে খবর পেয়ে বাস মালিক ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক উপস্থিত ডাক্তার, নার্স, সাংবাদিক ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছেন। এছাড়াও তিনি প্রসূতি ও নবজাতকদের চিকিৎসাসহ বাড়ি পৌঁছানো বাবদ সকল খরচের দায়িত্ব নিয়েছেন।
জমজ পুত্রের পিতা খতিবর রহমান ভূট্টো জানান, তিনি রংপুর জেলার সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার গাবতলী এলাকায় মোটর সাইকেল মেকানিকের কাজ করেন। আশু সন্তান সম্ভবা স্ত্রী শাহিনা আক্তারকে (৩০) নিয়ে তিনি ঢাকার গাবতলী থেকে যাত্রীবাহী বাস এসএম এলিগেন্স যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।