শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না বলে দাবি করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। এই ঘটনার সাথে জড়িত, ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ও বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবিও জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জলা ও মহানগর ছাত্রলীগের সংবাদ সম্মেলনে এই দাবী করেন মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফাদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমন দাস নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ থেকে বিভিন্ন সময়ে বহিষ্কৃত ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি দিতে হবে। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বক্তব্যের সাথে জেলা ও মহানগর ছাত্রলীগ একাত্মতা পোষণ করে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক জেলা ও মহানগর ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সুমন হত্যায় জড়িত প্রকৃত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানাচ্ছি।
মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফাদার লিখিত বক্তব্য পাঠ করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস ছাত্রলীগের কেউ নয়- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামানের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রাহাত তরফাদার বলেন, উত্তম কুমার দাসকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সে এখন জামায়াত-শিবিরের হামরায় আহত হয়ে চিকিত্সাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফাদার, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর সাধারণ সম্পাদক এমরুল হাসান ও জেলা সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী প্রমুখ ছিলেন।