শুরুতে হয়তো প্রতিপক্ষকে সমীহ করতে, মনের খেলায় এগিয়ে থাকতে বাংলাদেশ দলকে বাঘের মতোই বিপজ্জনক বলেছিলেন। কিন্তু দিন গড়াতে গড়াতে সেই বাঘের থাবায় নিয়মিত আহত হতে হতে এখন স্টিফেন ম্যাংগোগোর বুঝে যাওয়ার কথা—বাংলাদেশ দল আসলেই তাদের জন্য বড় বিপজ্জনক এক দল।
প্রথম ওয়ানডেতে এই উপলব্ধিটা আরও একবার হয়েছে জিম্বাবুয়ে কোচের। তবে বাংলাদেশের পুরো দল যেমন তেমন, এক সাকিব আল হাসানের সঙ্গেই পেরে উঠতে পারছেন না তারা। জিম্বাবুয়ে দলের এই কোচ শনিবার পরিষ্কার বললেন ‘সুপার সাকিব’কে আটকানো না গেলে তাদের আশাই নেই, ‘আবারো সুপারস্টার সাকিবই আমাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সে-ই মূলত পার্থক্য গড়ে দিয়েছে। আমি আবারো বলব সুপার সাকিবই আমাদের হারিয়ে দিয়েছে। তাকে আটকানোর সব চেষ্টাই আমরা পরের ম্যাচে করব। কিন্তু পরিকল্পনা করে এই ধরণের খেলোয়াড়কে আটকানো কঠিন।’
যদিও জিম্বাবুয়ে কোচ মনে করেন না, যে তাদের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তবে খেলোয়াড়দের এই পারফরম্যান্সে যে চলবে না, সেটা পরিষ্কার করে দিলেন, ‘আমরা এখনো মনে করি আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। ব্যাটিংয়ের শুরুটা আমাদের ভালোই ছিল। ৫ ওভারে ৪৭ রান—এটা অবশ্যই ভালো শুরু। কিন্তু ইনিংসের মাঝে আমাদের ব্যাটসম্যানদের আরো ভালো ব্যাটিং করতে হবে। টেলর অর্ধশত করেছে, এটা ভালো দিক যে সে রানে ফিরেছে। কিন্তু আমরা তো জিততে পারেনি। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদেরও রান করতে হবে।’
যদিও টানা তিন টেস্ট, এক ওয়ানডে ও দুটি অনুশীলন ম্যাচ; বাংলাদেশে এসে এখন পর্যন্ত সব হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আফ্রিকান দলটির। তবে ম্যাংগোগো মনে করছেন, তাদের ভুল শুধরানোর সময় এখনও আছে, ‘আমরা আরো ভালো খেলার চেষ্টা করব। আপনি যদি শেষ টেস্টটা দেখেন, তাহলে দেখবেন আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু ওয়ানডের শুরুটা ভালো হয়নি। আমরা পরেই ম্যাচেই ঘুরে দাঁড়াব। ব্যাটিং, বোলিং সব বিভাগে আমাদের ভুলগুলো শুধরে মাঠে নামব।’