পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দখলকারীদের মদদ দেয়ার অভিযোগ

গাজীপুরে পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে জমি ও প্রতিষ্ঠান দখলকারীদের মদদ দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ উল্টো দখলকারীদের পক্ষ নিয়ে ভুক্তভোগীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

গত বুধবার গাজীপুরের শ্রীপুরে তাহের এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশন দখল করে  নেয় একটি পক্ষ। দখলদাররা সিএনজি স্টেশনের কয়েকটি কক্ষ ভাঙচুর ও তছনছ করে। এসময় সন্ত্রাসীরা সিএনজি স্টেশনের একটি কন্টেইনার এবং ১০টি গ্যাস সিলিন্ডারসহ মূল্যবান মালামাল অন্যত্র নিয়ে যায়। দুই নিরাপত্তা কর্মীকে মারধর করে বের করে দেয়।
কয়েকদিন আগে গাজীপুর চৌরাস্তার জনৈক রাকিব সরকারের দাবিকৃত সাড়ে ১৭ শতক জমি প্রতিপক্ষরা দিনে-দুপুরে দখল করে নেয়। এ ঘটনায় তিনি জয়দেবপুর থানায় মামলা করতে গেলে পুলিশ সেটিকে জিডি হিসাবে অন্তর্ভুক্ত করে।
গত ৯ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের মাধবপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের দখলে থাকা ২ বিঘা জমি প্রতিপক্ষরা দখল করে নেয় বলে অভিযোগ উঠেছে। একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দখলদারদের ওপর হামলা চালায়। পরে প্রতিপক্ষরা ঐ জমিতে নিজেদের নামে সাইনবোর্ড টানিয়ে দেয়।

গত ২৯ অক্টোবর গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধে ডিবিএল গ্রুপ ও কেয়া কসমেটিক কারখানার ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ডিবিএল গ্রুপের মাইমুন টেক্সটাইলস লিমিটেডের নিরাপত্তা সুপারভাইজার নূর মোহাম্মদ শিকদার নিহত হন। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা মামলা হলেও আজ পর্যন্ত পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি।