নরসিংদীর রায়পুরা উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্যত্র বদলি হওয়া ডা. মো. শফিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায় উপলক্ষে বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত অনুষ্ঠান চলে। ডাক্তার, বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করে ঐ বিদায় অনুষ্ঠানে যোগ দেন। ফলে উপজেলার দুর্গম চরাঞ্চলসহ দূরদূরান্ত থেকে চিকিত্সা নিতে আসা অন্তত দুইশতাধিক রোগীর ভিড় জমে বহিঃবিভাগে। ডাক্তারের দেখা না পেয়ে শুরু হয় হৈ চৈ। খবর পেয়ে অনুষ্ঠানস্থল থেকে একজন মেডিক্যাল অফিসার এসে জরুরি বিভাগ সামাল দেন। ততক্ষণে অনেক রোগীকে চিকিত্সা সেবা না নিয়েই বাড়ি ফিরে যেতে দেখা গেছে।
দুর্গম চরাঞ্চলের সায়দাবাদ গ্রামের রোকেয়া বেগম, ফকিরের চরের আকলিমা, মহিষমারার আলমগীর হোসেন, হরিপুরের জুয়েলসহ একাধিক রোগী বলেন, ‘শুনেছি প্রতি শনিবার ঢাকা থেকে বড় বড় ডাক্তার আসে এ হাসপাতালে। তাই বাড়ির কাজ-কাম ফেলে চিকিত্সা নিতে এসেছি; কিন্তু এখানে এসে দেখি কয়েকজন কম্পাউন্ডার ছাড়া সবাই মিটিং নিয়ে ব্যস্ত। তাই চিকিত্সা না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি।’ এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শীতল চন্দ্র দাস বলেন, সবসময়ই সেবা দিয়ে আসছি। একদিন চিকিত্সা সেবা প্রদানে ব্যাঘাত ঘটতেই পারে।