হাটহাজারীতে ৯ বাড়িতে ডাকাতি দুইজন গুলিবিদ্ধ

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নে গত বৃহস্পতি ও শুক্রবার পুলিশ পরিচয়ে ৯ বাড়িতে গণডাকাতি করেছে। ডাকাতের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছে আরো ৬ জন। ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালংকার, ১৯টি মোবাইল, ল্যাপটপ ও নগদ ৪৩ হাজার টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গুলিবিদ্ধরা হলেন সাত্তার (২৩), সালাম (২৬)। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহতরা হলেন আবুল হোসেন (৪৫), মিশুক চৌধুরী (২১), সুজন দে (২৭), মো: শফি (৫৮), আনোয়ারা বেগম (৫০) ও রুনা আক্তার (১৮)। আহতদের মধ্যে মো: শফি চমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তাছাড়া অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে চিকনদন্ডী কাটাখালী কাকনের পাড়া নতুন চৌকিদার বাড়ি ও দক্ষিণ মাদার্শা সিকদার পাড়ার আনোয়ার আলী মিস্ত্রি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ১৮ থেকে ২০ জনের ডাকাত দল চৌকিদার বাড়ির রন্টু দত্ত, বুলন দত্ত, রাজীব তালুকদার, আবুল হোসেন, ঝুনু মিয়া, আবু তালেব এবং আনোয়ার আলী মিস্ত্রি বাড়ির শফি মিস্ত্রি ও নুরুল ইসলামের বাড়িতে হানা দেয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌধুরীহাট এলাকায় ছয় যুবক পুলিশ পরিচয়ে প্রবাসী সেকান্দর আলমের মালিকানাধীন দোতলা ভবনে ঢুকে দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় মামলা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শহিদুল্লাহ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাদের গ্রেফতারে তত্পরতা শুরু হয়েছে।