অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগরে পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোল্লা ওলিয়ার রহমানকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে উপজেলার বিএন টেক্সটাইল মিলের পাশে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
অভয়নগর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক জানান, সকালে তিনি ও ওলিয়ার রহমান প্রাতভ্রমণে বের হন। তারা উপজেলার গার্লস স্কুল রোডে বিএন টেক্সটাইল মিলের পাশে মসজিদের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে ওলিয়ারকে খুব কাছ থেকে গুলি করে। পরে গুলিবিদ্ধ ওলিয়ারকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মালেকের ওপরও হামলার চেষ্টা করা হয়।
এদিকে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী যশোর-খুলনা মহাসড়ক অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে 
উপজেলার সরখোলা গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্যার পুত্র ইউনুসকে (৩২) আটক করেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মী,  ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা মহাসড়ক ও বিভিন্ন বাইপাস সড়কে ব্যারিকেড দেয়। এতে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে।