প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও আগুন ছড়াচ্ছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। ২৫২ রানের টার্গেটে খেলতে নামা জিম্বাবুয়ের টপ অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। ৬ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন তিন উইকেট।
রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৬/৫। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১৩৬ রান।
এর আগে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের রেকর্ড উদ্বোধনী জুটিতে (১৫৮) ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২৫১/৭। দলের পক্ষে এনামুল হক বিজয় ৮০ ও তামিম ইকবাল ৭৬ রান করেছেন।
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোরের পথেই আগাচ্ছিল স্কোর। দলীয় ১৫৮ রানের মাথায় ব্যক্তিগত ৭৬ রান করে রান আউট হন তামিম ইকবাল। এরপর কোনো রান দলীয় স্কোরে যোগ না করেই বিদায় নেন সাকিব আল হাসান। ভুসি সিবান্দার বলে বোল্ড হয়ে যান তিনি। পরে ১৭৩ রানের মাথায় আরও দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। টিনাশে পানিয়াঙ্গারার তিন বলের মধ্যে বিদায় নেন এনামুল হক (৮০) ও সাব্বির রহমান (০)। ২০৪ রানের মাথায় স্বাগতিকরা হারায় আরও দুই উইকেট। এবারের পালায় বিদায় নেন কামুনগোজির শিকার হন মুশফিক ও মাহমুদুল্লাহ। শেষে মুমিনুলের অপরাজিত ৩৩ রানে ভর করেই আড়াই শ পেরোয় স্বাগতিকরা।
প্রথম ওয়ানডেতে ৮৭ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ সবকটিতেই জিতে স্বাগতিকরা।