লালপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

নাটোরের লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামে বিবাদমান একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, একজনকে লালপুর হাসপাতাল এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁসবাড়িয়া মাঠের এক টুকরো জমি নিয়ে ওই গ্রামের জামাল উদ্দিন এবং তার চাচাত ভাই মতলেব উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে জামাল উদ্দিন ও তার লোকজন ওই জমির ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত জামাল উদ্দিন (৪৮), বাবু (৩৫), জহুরুল (৩৫), গোলাম মোস্তফা (৪০), সাগরকে (৩০) রাজশাহী হাসপাতালে, মুন্নাফকে (৫০) লালপুর হাসপাতালে এবং মতলেব (৫৫), সিদ্দিক (৬৫), কুদ্দুস (৭৫) ও মুকুলকে (২৫) ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।