মাশরাফি-সানির নৈপুণ্যে স্বাগতিকদের সহজ জয়



সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। সফরকারীদের পক্ষে সলোমন মিরে ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি।

বাংলাদেশের দেয়া ২৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১৮৩ রানেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা তিনটি ও আরাফাত সানি চারটি উইকেট নিয়েছেন। তবে দলের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান বল হাতে এক উইকেট পেলে ব্যাট হাতে ফিরেছেন শূন্য রানে।

রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোরের পথেই আগাচ্ছিল স্কোর। দলীয় ১৫৮ রানের মাথায় ব্যক্তিগত ৭৬ রান করে রান আউট হন তামিম ইকবাল। এরপর কোনো রান দলীয় স্কোরে যোগ না করেই বিদায় নেন সাকিব আল হাসান। ভুসি সিবান্দার বলে বোল্ড হয়ে যান তিনি। পরে ১৭৩ রানের মাথায় আরও দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। টিনাশে পানিয়াঙ্গারার তিন বলের মধ্যে বিদায় নেন এনামুল হক (৮০) ও সাব্বির রহমান (০)। ২০৪ রানের মাথায় স্বাগতিকরা হারায় আরও দুই উইকেট। এবারের পালায় বিদায় নেন কামুনগোজির শিকার হন মুশফিক ও মাহমুদুল্লাহ। শেষে মুমিনুলের অপরাজিত ৩৩ রানে ভর করেই আড়াই শ পেরোয় স্বাগতিকরা।
প্রথম ওয়ানডেতে ৮৭ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ সবকটিতেই জিতে স্বাগতিকরা।