বাতাস চালিত মোটরসাইকেল উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান (২২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহা-সড়কের সোনারামপুর কলেজের নিকট প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হবিগঞ্জ থেকে প্রাইভেটকার যোগে ঢাকা যাওয়ার পথে তিনি এই দুর্ঘটনায় পড়েন।
সোমবার তার নিজ গ্রাম রিচি ঈদগাহ মাঠে নামাজে জানাযার পর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত নুরুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী ও রোকেয়া বেগমের কনিষ্ঠ পুত্র। চলতি বছর মার্চ মাসে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত প্রদর্শণীতে নিজের উদ্ভাবিত বাতাস চালিত মোটরসাইকেল চালিয়ে দেশ-বিদেশে আলোড়ণ সৃষ্টি করেন। নুরুজ্জামান চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র থাকাবস্থায় ২ বছর প্রচেষ্টা চালিয়ে জ্বালানী তেল বা গ্যাস ছাড়াই বাতাসে চলতে সক্ষম মোটরসাইকেল উদ্ভাবন করেন। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তার উদ্ভাবিত মোটরসাইকেল বাজারজাত করতে আগ্রহ প্রকাশ করলেও তিনি স্বল্প আয়ের মানুষের জন্য তা দেশিয়ভাবে বাজারজাত করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এই তরুণ উদ্ভাবকের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোক বার্তায় উল্লেখ করেন।
প্রসঙ্গত গত ১৩ মার্চ ২০১৪ইং তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফাকে (পৃষ্ঠা-১০, কলাম- ৪, ৫ ও ৬) ‘বাতাস চালিত’ মোটরসাইকেল উদ্ভাবন শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।