লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি

মঙ্গলবার এনডিএফের, বৃহস্পতিবার হেফাজতে হরতাল




আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার এনডিএফ ও বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দিয়েছেন নবগঠিত রাজনৈতিক জোট এনডিএফের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে মঙ্গলবার সারাদেশে হরতাল হবে।
এদিকে সরকারকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে হেফাজত ঘোষণা দিয়েছে, এর মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল হবে।

হজ নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় লতিফ সিদ্দিকী বিদেশে থাকার মধ্যেই কয়েক ডজন মামলা হয় তার বিরুদ্ধে। এর কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।

পদচ্যুত এই মন্ত্রী দেশে ফেরার পর কোথায় রয়েছেন, তা অজানা। মামলায় আগাম জামিন চাইতে তিনি হাই কোর্টে যাবেন বলে সোমবার গুঞ্জন ছড়ালেও তাকে আদালত এলাকায় দেখা যায়নি।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তৎকালীন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী বলেছিলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী।”


দলের সভাপতিমণ্ডলীর সদস্যের এই বক্তব্য প্রচার হলে সমালোচনার মধ্যে পড়ে আওয়ামী লীগও। এরপর মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ বহিষ্কারও করে তাকে।