রায়গঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে চলাচলের পথ বন্ধ করতে বসতবাড়ির দুপাশে গভীর খাদ কেটেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শ্যামগোপ গ্রামে। ভূক্তভোগী পরিবারগুলো হচ্ছে— ঐ গ্রামের দিনমজুর আব্দুস সোবাহান, হায়দার আলী ও আব্দুল জব্বারের পরিবার।
সোমবার দুপুরে একদল সাংবাদিক সরেজমিনে গেলে অবরুদ্ধ তিনটি পরিবারের লোকজন আহাজারি করে সাংবাদিকদের নিকট তাদের দুর্ভোগের করুণ চিত্র তুলে ধরেন।
সরেজমিনে দেখা গেছে, ঐ ৩টি পরিবারের বসতবাড়ির উত্তর ও পশ্চিম দিকে চলাচলের পথে বাড়ির প্রান্তসীমা ঘেঁসে ১০-১২ ফুট গভীরতায় প্রায় দেড়বিঘা জায়গা জুড়ে গর্ত করে ট্রাকযোগে নিকটবর্তী জনৈক আবু হানিফ খানের ইটভাটায় মাটি সরবরাহ করেছে। ফলে যেকোন মুহুর্তে বাড়িগুলো ভেঙ্গে পড়ে যেতে পারে। এরই মধ্যে ঐ সীমানার একটি ল্যান্ট্রিন ভেঙ্গে পড়েছে।
এরপরও দুর্বৃৃত্তরা বসতবাড়িগুলোর পুর্ব পাশের সীমানা সংলগ্ন স্থান থেকে মাটি কাটবে বলে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে আব্দুস সোবাহান বাদী হয়ে সরাইহাজিপুর গ্রামের মহির উদ্দনের পুত্র আইয়ূব আলী, আঃ খালেক, মহর খানের পুত্র নজরুল ইসলাম, মফিজ খানের ছেলে হায়দার , জাহাঙ্গীর, শহীদুল ও সাইদুল, আঃ কুদ্দুসের পুত্র আঃ মালেক গং এর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ করায় বিবাদীরা বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে বাদী সাংবাদিকদের নিকট কান্নায় ভেঙ্গে পড়েন।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাসের সাথে যোগযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন- এলাকায় আইন শৃংখলা ও শান্তি রক্ষায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।