তিন দিনে ডিএসইতে সূচক কমেছে ১৫৮ পয়েন্ট

 
টানা তিন কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এ তিন দিনে ডিএসই’র সার্বিক মূল্য সূচক কমেছে ১৫৮ পয়েন্ট। আর গত ৩০ কর্মদিবসে ডিএসইতে সূচক কমেছে ৫৬৫ পয়েন্ট। লেনদেন নেমে এসেছে সাড়ে তিনশ’ কোটি টাকায়। যা গত সপ্তাহের গড় লেনদেনের তুলনায় প্রায় ৪৪ শতাংশ কম।
তথ্যে দেখা গেছে, সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আর ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৭৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫ কোটি ৮ লাখ টাকা বেশি।
লেনদেনকৃত ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৪৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৮২ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ লাখ টাকা কম।
লেনদেনকৃত ২১৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৮টির কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।
এদিকে সিঅ্যান্ডএ টেক্সটাইলের প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের কাছ থেকে চাহিদার ১৯ গুণ আবেদন জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 
কোম্পানিটির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৮ কোটি ৯০ লাখ টাকার আবেদন এসেছে।  
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলনের জন্য ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মার্কেট লট ৫০০টি শেয়ারে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, ভবন নির্মাণ এবং আইপিও খরচে ব্যয় করবে।