ভয়েস কল থেকে রাজস্ব কমছে

 
মোবাইল ফোন অপারেটর রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে বলেছেন, দেশজুড়ে ৩.৫ জি নেটওয়ার্ক সমপ্রসারণের ফলে বছরের শুরু থেকে ইন্টারনেট সেবায় এগিয়েছে রবি। ৩.৫ জি নেটওয়ার্ক সমপ্রসারণ এবং ইন্টারনেট ব্যবহারে হার বৃদ্ধির জন্য আমরা উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছি। তবে ভয়েস থেকে রাজস্ব বৃদ্ধির হার কমেছে এবং গ্রাহকের টক টাইমের ওপর বাড়তি সারচার্জ প্রয়োগ টেলিযোগাযোগ শিল্পে ভয়েস থেকে রাজস্ব বৃদ্ধির হারকে ব্যাহত করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রবি’র ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকের হিসাব প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে রবি’র সিইও সুপুন বীরাসিংহে ছাড়াও চিফ ফাইনান্সিয়াল অফিসার ইয়াপ উই ইপ, চিপ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতউল ইসলাম নওশাদ ও কোম্পানি সেক্রেটারি শাহেদুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ৩.৫ জি নেটওয়ার্কে বিনিয়োগ করায় রবি’র রাজস্ব আয়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ২৬ লাখ নতুন প্রাহক পেয়েছে রবি।
অনুষ্ঠানে জানানো হয়, রবির বর্তমান গ্রাহক সংখ্যা ২ কোটি ৫০ লাখে পৌঁছেছে। বছরটিতে গ্রাহক বৃদ্ধির হার ১২ শতাংশ। রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। মূলধনী ব্যয় বিনিয়োগ ১০০ শতাংশের উপরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫০ কোটি টাকা।
২০১৪ সালে রবি সরকারি কোষাগারে জমা দিয়েছে এক হাজার ৬৫০ কোটি টাকা। এছাড়াও দেশের মোট মোবাইল ফোনের বাজারে ২১ শতাংশের নেতৃত্ব দিচ্ছে রবি। রাজস্বের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি।
অনুষ্ঠানে আরো জানানো হয়, অতিরিক্ত পরিচালন ব্যয় এবং ৩.৫ জি নেটওয়ার্ক নিশ্চিত করতে তরঙ্গ ও মূলধনী ব্যয়ে (ক্যাপিটাল এক্সপেনডেচার) বিনিয়োগের ফলে সৃষ্ট অপচয়ের কারণে কর প্রদানের পর মুনাফা (পিএটি) ৪ দশমিক ৯ শতাংশ কমেছে। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে রবি’র গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। ভয়েস কল থেকে রাজস্ব কমায় গ্রাহক বৃদ্ধির পরও রাজস্ব কমেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।