ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহত যাত্রীরা জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের হেলপার আয়েত আলী (৩০) ও যাত্রী জহির মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে দুই বাসের চালকসহ উভয় বাসের অন্তত ২০ জন আহত হয়েছে।
নিহত আয়েত আলী সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মথীর্ত গ্রামের রুক্কু মিয়ার ছেলে। আর জহির মিয়া কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের চন্ডিবের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের মধ্যে কাশেম আলী (৩৫) ও সুমন মিয়াকে (৩০) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।