কলকাতার সিনেমায় অভিনয় করেছেন জলের গান-এর ভোকাল ও দলনেতা রাহুল আনন্দ। ছবির নাম ‘রসগোল্লা’। সম্প্রতি চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশিত হয়েছে। সেখানেই দেখা মিললো রাহুল আনন্দের। কলকাতার জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা-শিবপ্রসাদ এবং পাভেল নির্মাণ করেছেন চলচ্চিত্রটি।
গীতিকার, গায়ক রূপচাঁদ পক্ষী’র চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন রাহুল আনন্দ। রূপচাঁদের বেড়ে ওঠা কলকাতায় কলকাতায়। স্বভাবকবির ধর্ম ও সুকণ্ঠ গায়কের প্রতিভা নিয়ে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং তত্কালে প্রচলিত পাঁচালি, কবিগান, আখড়াই ও ঢপ জাতীয় গান গেয়ে লোকপ্রিয় হয়ে ওঠেন।
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে রাহুল বলেন, ‘দৈর্ঘ্যের দিক থেকে ছোট হলেও আমার চরিত্রটির গুরুত্বটা অনেক। এ বছরের শুরুর দিকে এই ছবির শুটিং করি। আর মাঝামাঝি সময়ে এর ডাবিং করে আসি কলকাতা থেকে। এই ছবির সংগীত পরিচালক কালিকা প্রসাদ ভট্টাচার্য আমাকে হঠাত্ করে একদিন বলেছিলেন ছবিতে অভিনয় করতে হবে। সেজন্যই কাজটি করা।’