চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ‘ভিএক্স’ গ্রুপ ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিনের অনুসারী ‘সিক্সটিনাইন’ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ছাত্রলীগের ছোঁড়া ইট-পাটকেলে আহত হয় চার পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় শাহ জালাল ও শাহ আমানত হলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় ছাত্রলীগের উভয় গ্রুপের দুই জন কর্মী। আহতদের চবি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের মোড়ে ভিএক্স ও সিক্সটি নাইন কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সিক্সটি নাইনের কর্মী রায়হান ও ভিএক্স কর্মী আনোয়ারের মধ্যে মারামারি হয়। এর পরপরই দুই গ্রুপ শাহ জালাল ও শাহ আমানত হলে এসে সংগঠিত হয়ে দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।