বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচ আজ

 
 
হিসাবটা সহজ। আজকের ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাবে মাশরাফি বাহিনী। তবে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের তৃতীয় ম্যাচটি সামনে রেখে আরো কিছু হিসাবও মাথায় রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সিরিজের বাকি সময়টা বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসাবেই দেখছেন তিনি।
অধিনায়ক হিসাবে দ্বিতীয় ধাপে মাশরাফির শুরুটা যে দুর্দান্ত হয়েছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এখানেই শেষ দেখছেন না তিনি বরং সিরিজটা ভালভাবে শেষ করেই স্বস্তির নি:শ্বাস ফেলতে চান এই পেসার। একই সাথে চলতি সিরিজ দিয়ে আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার দিকেও নজর দিচ্ছেন তিনি। নিজের প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত যা হয়েছে তাতে অবশ্যই ভালো বোধ করছি। যদি সিরিজটা জিততে পারি তাহলে তো অবশ্যই ভালো লাগবে। এই মুহূর্তে সিরিজ জেতা আমাদের জন্য খুবই দরকার। বিশেষ করে এই বছরের প্রেক্ষাপটে এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে খুবই ভালো হবে। বিশ্বকাপের আগে সিরিজ জিততে পারলে সেটা আমাদের  আত্মবিশ্বাস বাড়াবে।
আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটার সময় মাঠে গড়াবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচের আগে পর্যন্ত স্বাগতিকদের ঠিক বিপরীত মেরুতেই রয়েছে জিম্বাবুয়ে দল। টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি সফরকারীরা। আজকের ম্যাচে হেরে গেলে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়বে এল্টন চিগুম্বুরার দল। সেটা মাথায় রেখেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র হয়ে আসা ভুসিমুজি সিবান্দা বললেন, বাংলাদেশের মাটিতে খেলতে এসে স্বাগতিকদের হারিয়ে দেয়া মুখের কথা নয়। জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। ম্যাচটা আমাদের জন্য বাঁচা মরার লড়াই। তাই জয় ছাড়া অন্য কোন কিছুর কথা এই মুহূর্তে আমাদের ভাবনাতে নেই।