ডিএসইতে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

 
 
 
 
এক দিন দর বাড়ার পর বুধবার ফের পতন হয়েছে উভয় শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমার পাশাপাশি লেনদেন নেমে এসেছে ৩১২ কোটি টাকায়, যা গত ২১ জুলাইয়ের পর সর্বনিম্ন। অর্থাত্, চার মাসের বেশি সময়ের মধ্যে ডিএসইর সর্বনিম্ন লেনদেন এটা। এ দিকে, টানা তিন দিন দরপতনের পর এক দিন বাড়লেও ফের দরপতনের বৃত্তে চলে এসেছে শেয়ারবাজার। বাজার বিশ্লেষকরা বলছেন— বাজারে সূচক কমছে এর চেয়েও বেশি শঙ্কার বিষয় হলো লেনদেন অনেক কমে গেছে।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৭ কমে ৪ হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৯ কমে ১ হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১২ কোটি ৭০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪০ কমে ১৪ হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।
এ দিকে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণশেষে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ন্যাশনাল ফিড মিলের লটারির ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা— সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) সেমিনার হলে সকাল সাড়ে ১০টায় ড্র অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ফিড শেয়ারবাজার থেকে ১৮ কোটি টাকা উত্তোলনের জন্য ১ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।