মীর্জাগঞ্জে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য

মীর্জাগঞ্জ উপজেলায় ১২টি স্কুল, মাদ্রাসা ও কলেজে প্রধান শিক্ষক, সুপার এবং অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একই সাথে রয়েছে শিক্ষক সংকট। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় প্রতিষ্ঠানগুলোতে অব্যবস্থাপনা বিরাজ করছে।

মীর্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য, সেগুলো হচ্ছে- উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি র,ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়, গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়, সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়, কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়, মির্জাগঞ্জ ইউনিয়ন দরগা শরীফ মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরখালী মাধ্যমিক বিদ্যালয়। যে সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারের পদ শূন্য সেগুলো হচ্ছে- সুবিদখালী দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসা ও দক্ষিণ গাবুয়া হামিদিয়া সামসুন্নাহার দাখিল মাদ্রাসা। এছাড়া যে সকল কলেজের অধ্যক্ষের পদ শূন্য রয়েছে সেগুলো হচ্ছে- সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ, কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজ ও হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজ।

মীর্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ওয়ালিদ বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি পরিচালনা করে। এমতাবস্থায় ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের শূন্য পদ পূরণের জন্য কর্তৃপক্ষকে ইতিপূর্বে তাগিদ দেয়া হয়েছে।