পাবনা সদর উপজেলার চর কোষাখালী এলাকায় কাজী খাইরুল ইসলাম (৩২) নামে এক মুরগি খামারিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ওসি আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত খাইরুল চর রাধাকান্তপুর গ্রামের কাজী কোরবান আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, চর কোষাখালীতে নিজের পোল্ট্রি খামার থেকে মটসাইকেলে করে বাড়ি ফিরছিলেন খাইরুল। কিছু দূর যাওয়ার পর চর কোষাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গুলি করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, তারা হত্যাকারীদের ধরতে চেষ্টা করছে।