বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জেরে সোমবার দুই পক্ষের সংঘর্ষে নুরনবী নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুরনবী গোপালপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম জানান, গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও এরশাদ মহুরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত নুরনবীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. ফয়সাল আহম্মেদ জানান, সংঘর্ষে আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।