গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরে বাসের চাপায় নাসিমা আক্তার ওরফে বেবী (৩৫) নামের এক নারী নিহত ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছে। নিহত নাসিমা নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার হেকমত আলীর স্ত্রী। তিনি খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে জ্যেষ্ঠ সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।
হেকমত আলী জানান, ১২ বছরের ছেলে মাহিনকে নিয়ে সন্ধ্যায় তিনি ও তাঁর স্ত্রী শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়েতে ঘুরতে দুটি রিকশায় করে যাচ্ছিলেন। নাসিমা ও মাহিনকে বহন করা রিকশাটি সামনে ছিল। কালিরবাজার এলাকায় পৌঁছালে উৎসব পরিবহনের একটি বাস রিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এ সময় রিকশা থেকে ছিটকে নাসিমা বাসের চাকার নিচে চাপা পড়েন। মাহিন সামনের দিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নাসিমা নিহত হন। মাহিনকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, বাসটি জব্দ করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, বাসটি জব্দ করার চেষ্টা চলছে।