বাউন্সারে আঘাত পাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট ফিলিপ হিউজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। তিনি সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে দলের চিকিৎসক পিটার ব্রুকনার এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: ইএসপিএন।
পিটার ব্রুকনার বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ফিলিপ হিউজ কিছুক্ষণ আগে মারা গেছেন। মঙ্গলবার আঘাত পাওয়ার পর থেকে তার আর জ্ঞান ফেরেনি।
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচ চলাকালীন নিউ সাউথ ওয়েলসের পেসার শন অ্যাবোটের বাউন্সার হিউজের মাথায় এসে লাগে। এসময় মাঠেই অচেতন হয়ে পড়েন হিউজ। আধা ঘণ্টার মধ্যে দুইটি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তায় তাকে সেন্ট ভিনসেন্টের হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার মাথায়।