গাংনীতে পুলিশকে লক্ষ্য করে বোমা, পাল্টা গুলি

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দিতে পুলিশের টহল পিকআপ ভ্যান লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পাল্টা প্রতিরোধে পুলিশও ৩ রাউন্ড গুলি বর্ষণ করেছে। তবে হামলা পাল্টা হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বামুন্দি শহরের দক্ষিণে অবস্থিত বিশ্বাস ইটভাটায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী হানা দিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। শ্রমিকরা একত্রিত হয়ে ইটপাটকেল ছুড়ে মারলে তারা পিছু হটে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের অবস্থান নেয়। খবর পেয়ে বামুন্দি পুলিশ ক্যাম্পের একটি দল পিকআপ ভ্যানযোগে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে করে ৩/৪টি বোমা নিক্ষেপ করে সন্ত্রসীরা। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হলে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের পক্ষ থেকে ৩ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করা হয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোক্তার হোসেন। 
তিনি আরো জানান, গুলি-বোমায় কেউ হতাহত হয়নি। পুলিশের প্রতিরোধে পালিয়ে যায় সন্ত্রাসীরা। 
বিশ্বাস ইটভাটার মালিক চঞ্চল হোসেন জানান, গেল কয়েকদিন ধরে তার মোবাইল নম্বরে অজ্ঞাত সন্ত্রাসীরা এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। পরিশোধ না করায় তারা হামলার উদ্দেশ্যে ইটভাটায় এসেছিল বলে জানান তিনি। 
এ ঘটনায় জড়িততের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি মোক্তার হোসেন।