বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিএনপি নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোর রাতে একটি দেশি শটগান ও ৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম খান বলেন, মাওলানা আব্দুল খালেক পুলিশের জিজ্ঞাসাবাদে মাটি খুঁড়ে একটি দেশি শটগান ও ৩ রাউন্ড বন্দুকের কার্তুজ বের করে দেয়। মোরেলগঞ্জ থানার এসআই মো. হারুন ও এসআই নওশাদ এ অস্ত্র উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বলে ওসি জানান। এ ঘটনায় মাওলানা আব্দুল খালেকের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার আগের দিন বুধবার ভোরে মাওলানা খালেককে তার বাড়ি থেকে পুলিশ আটক করে এবং তার নিকট থেকে ৪টি হাত বোমা উদ্ধার করে। এ ব্যাপারে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেককে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাওলনা আব্দুল খালেককে তার বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান থেকে পরিকল্পিত ভাবে পুলিশ
আটক করে। বোমা ও অস্ত্র উদ্ধার সাজানো এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি।