নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও ডিবি পরিচয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া অপর একটি বাড়িতে ডাকাতির সময় ৪ জনকে কুপিয়ে জখম ও পালিয়ে যাওয়ার সময় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বৃহস্পতিবার ভোরে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৩টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামে জমিরউদ্দিনের বাড়িতে পুলিশ ও ডিবি পরিচয়ে হানা দেয় একদল ডাকাত। তারা বাড়ির লোকজদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রূপা, মোবাইলসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। ঘটনাস্থল পরিদর্শন করা আড়াইহাজার থানার এস আই ফিরোজ জানান, ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।
অপরদিকে, আড়াইহাজার পৌরসভার ছোট বিনাইচর গ্রামে ভোর ৪টার দিকে একটি বসত বাড়িতে একদল ডাকাত ডাকাতির জন্য জড়ো হয়। ওই সময়ে এলাকার লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতরা একটি বসত বাড়িতে প্রবেশ করে নুরুল ইসলাম, মোজাম্মেল, বাবুল ও সুমন নামের চার গৃহকর্তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তারা পালিয়ে যাওয়ার সময়ে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী দুইটি ককটেল উদ্ধার করেছে।