পূর্বশত্রুতার জের ধরে নেত্রকোনা সদর উপজেলার আধপুর গ্রামের রিকশা চালক আবুল কালামকে (৪০) হত্যার অভিযোগে একই গ্রামের দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুর রশিদ, কদর আলী এবং হুরমুজ আলী। এরমধ্যে আব্দুর রশিদ ও কদর আলী আপন দুই ভাই। ৮ বছর মামলা চলার পর এই রায় প্রদান করা হলো।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সনের ৯ অক্টোবর রিকশা চালক আবুল কালাম রিকশা চালানো শেষে সন্ধ্যায় বাড়ি আসেন। স্ত্রীকে রান্নার কথা বলে রিকশার মালিক মঞ্জুরুলকে রিকশা বুঝিয়ে দিয়ে তাদের সমিতি হতে ১ হাজার টাকা আনার জন্য ফচিকা বাজারের এরশাদ নামক এক ব্যক্তির নিকট যান। কিন্তু কালাম আর বাড়িতে ফিরে আসেন নাই। কিন্তু দুইদিন পর তার লাশ মগড়া নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেলে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে। কালামের স্ত্রী বেদেনা (৩৫) বাদী হয়ে আব্দুর রশিদসহ তিনজনের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষে মামলা পারিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সাইফুল আলম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম এবং অ্যাডভোকেট অজয় বণিক।