খুলনায় ইমরান বেয়ারা (৪০) নামের এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল ৮টায় রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত ইমরান রূপসা উপজেলার শ্রীফতলা গ্রামের ইউসুফ বেয়ারার ছেলে।
এলাকাবাসী জানান, সকালে পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশে ইমরানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে। পরে নিহত ইমরানের চাচাতো ভাই তারেক তার পরিচয় নিশ্চিত করেন। তবে, কখন, কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশ সে বিষয়ে ধারণা দিতে পারেনি।
পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত
খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা জানান, খুলনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগর- যশোর সড়কের নরনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ছিলেন।
পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেলে যশোরের কেশবপুর থেকে চুকনগরের দিকে আসছিলেন। নরনিয়া নূরানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সামনে এলে একটি ট্যাংকলরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহিদুল ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহিদুল ইসলামের বাড়ি কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নে।