অর্থবছরের প্রথম চার মাস

২ হাজার কোটি টাকা পিছিয়ে রাজস্ব আদায়

 
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে ২ হাজার ১৭৪ কোটি টাকা।
আলোচ্য সময়ে ৩৯ হাজার ৪৩১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ২৫৮ কোটি টাকা।
 অবশ্য পূর্বের অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য সময়ে রাজস্ব আদায় বেড়েছে সোয়া ১২ শতাংশ। যদিও চলতি অর্থবছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ শতাংশ। রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকার বড় রাজস্বের লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও বিগত ২০১১৩-১৪ অর্থবছরে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।
ওই সময়ে প্রাথমিক লক্ষ্যমাত্রা কমিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা করা হয়েছিল। কিন্তু বছর শেষে ১ লাখ ২১ হাজার কোটি টাকা আদায় হয়েছিল।
মোটাদাগে তিনটি খাত (আয়কর, ভ্যাট ও শুল্ক) থেকে এনবিআর রাজস্ব আহরণ করে থাকে। এনবিআর সূত্র জানায়, আয়কর ও আমদানি শুল্ক খাতে রাজস্ব আদায় কৌশলগত লক্ষ্যমাত্রা অর্জন করতে সমর্থ হলেও মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রাজস্ব আদায়।
গত চার মাসে ১৫ হাজার ৯৪৩ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও আদায় হয়েছে ১৩ হাজার ৫৯১ কোটি টাকা। এছাড়া শুল্ক আদায়ে ১১ হাজার ৫৩১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ৭০৯ কোটি টাকা। অন্যদিকে ১১ হাজার ৬৫০ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যামাত্রার বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ৬৮৩ কোটি টাকা।