ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকারও নিচে

 
দিনভর ওঠা-নামার পর বৃহস্পতিবার দিন শেষ হয়েছে শেয়ারবাজারের সূচক বৃদ্ধির মধ্য দিয়ে। তবে সূচক বাড়লেও লেনদেন নেমে গেছে তিন শ কোটি টাকারও নিচে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৩ কোটি টাকা, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৫ বেড়ে ৪ হাজার ৭৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ বেড়ে ১ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৭৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৯১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১ কমে ১৪ হাজার ৬৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৭৭ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে— পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। এ বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। এ দিকে, প্রকৌশল খাতের মুন্নু জুট স্ট্যাফলার্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে কোম্পানির কাছে দেয়া নোটিসের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, বস্ত্র খাতের আরএন স্পিনিংয়েরও শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে এ তথ্য জানিয়েছে।