গোপালগঞ্জে ২৭ লাখ টাকা ছিনতাই, একজন গুলিবিদ্ধ

গোপালগঞ্জে গ্রামীণফোনের দুই কর্মচারীর কাছ থেকে ২৭ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শহরের কালীবাড়ি মোড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামীণফোনের অফিস সহকারী ফেরদৌস কাজী গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোরবান আলী কাজী নামে আরেক কর্মচারী লাঠির আঘাতে আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও গ্রামীণফোন ডিস্ট্রিবিউশন হাউস সূত্রে জানা গেছে, বিভিন্ন সেন্টার থেকে সংগৃহীত টাকা একটি ব্যাগে নিয়ে ফেরদৌস ও কোরবান আলী রিকশায় করে থিয়েটার রোডের পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তাঁরা কালীবাড়ি মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ছিনতাইকারী তাঁদের রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা কোরবানকে লাঠি দিয়ে আঘাত করে রিকশা থেকে ফেলে দেয়। পরে ফেরদৌসকে গুলি করে টাকাভর্তি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। গ্রামীণফোনের গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটার কাজী জিন্নাত আলী ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান শুরু করা হয়েছে।