সংবাদ সংক্ষেপ

সৈয়দপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খোয়ালেন স্কুল শিক্ষক

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাদল চন্দ্র রায় (৪৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার সর্বস্ব খুইয়েছেন। বর্তমানে তিনি নীলফামারী সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার। তিনি নীলফামারীর ডোমার উপজেলার শেওটগাড়ির  অনিল চন্দ্র রায়ের  ছেলে এবং  ডোমারের উত্তরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ভিসা ঠিক করার জন্য রংপুরে গিয়ে কাজ  শেষ করে  সৈয়দপুর ওয়াপদা  মোড়ে  পৌঁছান।  সেখান  থেকে  ডোমারের বাসে ওঠার আগেই অজ্ঞান হয়ে পড়েন। এসময় তার সাথে থাকা দুটি মোবাইল ও ৬০ হাজার টাকা খোয়া যায়। তাকে গাড়ির ড্রাইভার-হেলপাররা ওয়াপদা মোড়ে নামিয়ে  দেয়। পরে থানা-পুলিশের সহায়তায় তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার পরিবারের খোঁজ পাওয়া গেলে তারা হাসপাতালে আসেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।

কুলিয়ারচরে ফারিয়ার নির্বাচন সম্পন্ন

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কুলিয়ারচরে উত্সবমুখর পরিবেশে উপজেলার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ভেরিতাস ফার্মার প্রতিনিধি মোঃ শাহ আলম এবং  সাধারণ সম্পাদক পদে মোঃ আলম হোসেন, সাংগঠনিক পদে আব্দুল আলিম নির্বাচিত হয়েছেন। গত রবিবার এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, এরিস্টোফার্মার প্রতিনিধি বিএম সালাউদ্দিন, তার সহযোগিতায় ছিলেন মোঃ রেজাউল করিম, স্বপন চন্দ্র, মোঃ নাজিম উদ্দিন ও মোঃ জসিম উদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ও বায়ো ফার্মা’র প্রতিনিধি আব্দুল আলিম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

 গোপালগঞ্জের বইমেলায় আসপ’র পুরস্কার লাভ

মানবসেবামূলক সংঘটন ‘আমরা সবাই পরোপকারী’ (আসপ) গোপালগঞ্জে একুশে বইমেলায় প্রথম স্থান অধিকার করেছে। বইমেলা ঘুরে দেখার পর আসপ’র স্টলটিকে স্মারক পুরস্কার দেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার। পুরস্কার গ্রহণ করেন সংগঠনের নেতারা। আসপ মানবতার সেবায় কাজ করে থাকে এবং গোপালগঞ্জের অসহায় মানুষের পাশে দাড়াতে সদা প্রস্তুত। সংগঠনটির সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল ইমরান (সুমন)। এ ছাড়া সদস্য হিসেবে আছেন শাজিদ, ইমরান, শুভ, রাজ, জাহিদ, মিম রহমান, আছিয়াসহ আরো অনেকে। -বিজ্ঞপ্তি

মির্জাপুরে অবসর নন্দিনী পার্কের উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরের জামুর্কি এলাকায় বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত সরকারি অবসর নন্দিনী পার্কের উদ্বোধন করা হয়েছে রবিবার। ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আযম পার্কের উদ্বোধন করেন। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ সাকাওয়াত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু জাতীয় মহাসড়ক সংলগ্ন জামুর্কি ইউনিয়নের জামুর্কিতে নবাব হাসান আসকারির পরিত্যক্ত কাচারি জমিদার বাড়িতে (প্রায় ৬ দশমিক ৮৪ একর) অবসর নন্দিনী পার্ক উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। শত বছরের নবাবী আমলের দৃষ্টিনন্দন মসজিদ, কাচারি ভবন, পুকুর, বাগান, মুক্তমঞ্চ, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সম্প্রতি দৈনিক ইত্তেফাকে নবাব হাসান আসকারি কাচারির অবসর নন্দিনী পার্ক নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ জেলা ও স্থানীয় প্রশাসনের বিষয়টি নজরে আসে। বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা ও পরামর্শে উপজেলা প্রশাসন সরকারিভাবে অবসর নন্দিনী পার্কটি নানা সাজে সজ্জিত করেছে। পার্ক উদ্বোধনের সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরূপকাঠিতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে গত রবিবার রাতে ১৬ পিস ইয়াবাসহ সোহাগ বেপারী নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের শেষে সোমবার আসামিকে পিরোজপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে এসআই  মো. মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সংগীতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোহাগ উপজেলার সংগীতকাঠি গ্রামের আউয়াল বেপারীর ছেলে। 

সোনাকান্দা দরবার শরীফের মাহফিল আজ শুরু

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দু’দিনব্যাপী ৯৪তম ঐতিহাসিক ইছালে ছাওয়াব মাহফিল আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।  আগামীকাল বুধবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। রবিবার বিকালে মাহফিল সফল করার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র কেন্দ্রীয় নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মেতালেব হোসাইন সালেহী, মোহাদ্দেস মাওলানা দেলোয়ার হোসেন আজীজি। মাহফিল উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে এতে দেশ-বিদেশের ওলামায়ে কেরাম ও বিভিন্ন দরবার শরীফের পীর ছাহেবগণ বয়ান করবেন।

রংপুরে এসএমই পণ্য মেলার উদ্বোধন

রংপুর অফিস ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উত্পাদিত পণ্যের প্রচার, প্রসারের লক্ষ্যে বিভাগীয় নগরী রংপুরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা। এ উপলক্ষে সকালে একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করেন। পরে জেলা প্রশাসক এনামুল হাবীব-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে  মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। এ সময় বিশেষ অতিথি ছিলেন, রংপুর  রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর  মেট্রো পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ।

হেলমেট ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন

রংপুর অফিস মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধ ও মৃত্যুর ঘটনা কমিয়ে আনতে বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। সোমবার মিঠাপুকুরে শঠিবাড়িতে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারাভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্পল কুমার রায়, সহকারী পুলিশ সুপার আরমান হোসেন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী, জেলা ট্রাফিক ইনচার্জ খান মো. মিজানুর ফাহমি ও ফিরোজ আহমেদ। প্রচারাভিযানকালে শঠািবাড়ির রংপুর-ঢাকা মহাসড়কে চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।

ত্রিশাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি আব্দুল হাই মাশরেকীর জন্মশতবার্ষিকী গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল। সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস, এম ফজলে রশীদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ। দ্বিতীয়পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. আফসারুজ্জামান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. জিএম রুহুল আমীন, কবি মাহামুদুল হাছান, মীর্জা আমীন ও শামছুল ফয়েজ, সঞ্চালনায় ছিলেন কবি রুহুল আমীন বাদল ও তৌকি আফসারি। কবিতা আবৃত্তি করেন ভারতের সর্বাণী চ্যাটার্জী ও শ্রাবণী কুণ্ডু।