চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

বালি বোঝাই ট্রাকের ভারে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে একটি ব্রিজ ভেঙ্গে দুই জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। সড়কের সামারদিঘীস্থ মওলানা রহমত উল্লাহ (রঃ) মাজার গেইট সংলগ্ন এলাকায় একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ চলার কারণে পাশ দিয়ে একটি বেইলী ব্রিজ দিয়ে ওই সড়কে গাড়ি চলাচল করে । গত বুধবার রাতে একটি অতিরিক্ত বালু বোঝাই ট্রাক উঠলে বিকট শব্দে বেইলী ব্রিজটি ট্রাকসহ ভেঙ্গে নীচে পাইন্দং খালে পড়ে যায়। ব্রিজটি ভেঙ্গে যাবার ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ঘটনার পর থেকেই  যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার সকালে উভয় দিকে যাত্রীবাহী গাড়ীসহ অন্যান্য যানবাহন দুদিকেই আটকা পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সওজের উপ-বিভাগীয় প্রকোশলী রবিউল হোসেন জানান, বেইলি ব্রিজটির ধারণ ক্ষমতা ১৫ টন, কিন্তু বালু বোঝাই ট্রাকটি ২০ টনের বেশি হওয়ায় ব্রিজটি ভেঙ্গে পড়ে। মূল সড়কের নতুন ব্রিজটির উভয় পাশের মাটি ভরাট করে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।