ব্যাটিং করার সময় ঘাড়ে বলের আঘাত পেয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকা অস্ট্রেলিয়ার তারকা ফিলিপ হিউজ গতকাল মারা গেছেন। ২৬তম জন্মদিনের ঠিক চার দিন আগে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে মারা যান তিনি। তার এ মৃত্যুতে পুরো ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম চিকিত্সক পিটার বার্কনার এক সংবাদ সম্মেলনে বলেন, খুবই দুঃখজনক একটা দায়িত্ব হিসাবে সবাইকে জানাচ্ছি, অল্প কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেছেন ফিলিপ হিউজ। আঘাত পাওয়ার পর থেকে এক বারের জন্যও জ্ঞান ফেরেনি হিউজের। আমরা নিশ্চিত করছি, মৃত্যুকালে কোনো যন্ত্রণা ভোগ করেননি ফিলিপ। বন্ধু ও পরিবারের সদস্যদের বেষ্টিত অবস্থায় তিনি আমাদের ছেড়ে গেছেন।
হিউজের চিকিত্সা চলাকালে মাইকেল ক্লার্ক শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্যও হাসপাতাল ছেড়ে যাননি। ব্র্যাড হাডিন, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, নাথান লিওন, মিশেল স্টার্করা নিয়মিত হাসপাতালে গেছেন। রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, সাইমন ক্যাটিচ, অ্যারন ফিঞ্চ, পিটার সিডল, জর্জ বেইলি, জাস্টিন ল্যাঙ্গার থেকে শুরু করে জাতীয় দলের কোচ ড্যারেন লেহম্যান বা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ছিলেন হিউজের শেষ সময়েও।
শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে গত মঙ্গলবার ৬৩ রানে ব্যাট করছিলেন হিউজ। পেসার শেন অ্যাবটের বাউন্সারে হুক করতে গিয়ে ঘাড়ে বল লাগে। সাথে সাথে হেলমেট খুলে ফেলেন তিনি। সামনে মুখ করে পড়ে গেলেন মাঠের মধ্যেই। এরপর থেকে অজ্ঞান ছিলেন হিউজ।
হিউজের মৃত্যুতে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সকল ক্রিকেট বোর্ড এবং বিশ্বের সব ক্রিকেটার শোক প্রকাশ করেছেন। গতকাল এই শোকে বন্ধ রাখা হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান টেস্ট ম্যাচের খেলাও। এ ছাড়া সারা পৃথিবীতেই গতকাল বিভিন্ন জায়গায় ঘরোয়া ক্রিকেট বন্ধ রাখা হয়েছিল।