গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে দেয়া হবে না : নারায়ণগঞ্জে খালেকুজ্জামান

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করার কোন যৌক্তিক কারণ নেই। জনগণের পকেট কেটে সরকারের লুটপাটের প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্যই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকারের লুটপাটের দায় কোনভাবেই জনগণ নেবে না। দাম বৃদ্ধি করতে দেয়া হবে না। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে হরতালসহ কঠিন কর্মসূচি দেয়া হবে।

বাসদ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯৭তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ শহীদ মিনারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, এমএ মিল্টন, এসএম কাদির। সভার শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করেন।