গোদাগাড়ী থেকে ৪ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

গোদাগাড়ী সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে ঐ বাংলাদেশিদের তারা আটক করেনি বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চর আষাড়িয়াদহ গ্রামের ৬ জন সীমান্ত এলাকায় কৃষি জমিতে কাজ করছিল। এসময় বিএসএফের লবণগোলা ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে তাদের ওপর লাঠি দিয়ে হামলা চালায়। দুই জন লাঠির হামলায় আহত হয়ে পালিয়ে আসলেও এক নারীসহ ৪ জনকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। বিএসএফের হাতে আটককৃতরা হচ্ছেন, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের ইদিল হোসেনের ছেলে দিলদার হোসেন (২০), আব্দুল জলিলের ছেলে বাবু (২২), আব্দুল মালেকের ছেলে শরিফ (৩০)। নারীর নাম জানা যায়নি। শুক্রবার সকালে বিএসএফ আটককৃতদের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।

৩৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক লে. কর্নেল আনোয়ার-উল আলম বলেন, আটককৃতদের ফেরত আনার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।