যশোরে যুবলীগ নেতার আস্তানায় অপহৃত যুবক উদ্ধার

যশোরে ১ যুবককে অপহরণের অভিযোগে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও তার ৩ সহযোগীকে আটক করেছে পুলিশ ও র্যাব। গত বৃহস্পতিবার গভীর রাতে যৌথ অভিযানে যুবলীগ নেতার শহরের পুরাতন কসবা এলাকার আস্তানা থেকে অপহূত যুবক মাহমুদ হাসান নান্টুকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও  পুরাতন কসবা এলাকার ফিরোজ আলম (৪০), শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার রাসেল ওরফে অরেঞ্জ (২৫), একই এলাকার জাহিদ আল মামুন ওরফে  প্ল­াবন (৩৫) ও লোন অফিস পাড়ার বাবু দত্ত  ওরফে সোনা বাবু (৪৫)।

যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার জহুরুল আলম জানান, বুধবার রাতে দুর্বৃত্তরা চাঁচড়া এলাকা থেকে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে কাজীপুর গ্রামের মাহমুদ হাসান নান্টুকে অপহরণ করে। এ ঘটনায় নান্টুর ভাই জিএম মামুন হাসান ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা পুলিশ ও র্যাবের যৌথ টিম শহরের পুরাতন কসবা এলাকার বিধুভূষণ রোডের মিয়া আলীর বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে নান্টুকে উদ্ধার করে। একই সাথে ৩ যুবককে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতেই শহরের স্বর্ণপট্টি এলাকার বাবু ওরফে স্বর্ণ বাবুকে আটক করা হয়েছে।