এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন চট্টগ্রামের ৪ তরুণ

এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন চট্টগ্রামের চার তরুণ। ২০১৮ সালের মধ্যেই এ স্বপ্ন পূরণের ব্যাপারে আশাবাদী তারা। দেবাশীষ, ফরহান, বাবর ও আরিফ নামে এই চার তরুণ এভারেস্ট জয়ের প্রস্তুতি হিসেবে এর মধ্যেই হিমালয়ের চারটি পর্বতে অভিযান চালান। সেই অভিযানের রোমাঞ্চকর বর্ণনা দিতে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তাদের সংগঠন ভারটিকাল ড্রিমারস ক্লাব।

ক্লাবের সভাপতি দেবাশীষ বল সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৮ সালের মধ্যেই তারা এভারেস্ট জয়ের পরিকল্পনা নিয়েছেন। এরই প্রস্তুতি হিসেবে গত অক্টোবরে ভারটিকাল ড্রিমারস ক্লাবের সদস্যরা হিমালয়ের চারটি পর্বত আরোহণ করেন। পর্বতগুলো হচ্ছে থারপু চুলি (৫,৭০০ মিটার), কেঞ্জিং রি (৪,৮০০ মিটার), সারগো রি (৪,৯০০ মিটার) এবং সুরিয়া পিক (৫,১৪৫ মিটার)।
তিনি আরো জানান, এর আগে ঢাকাসহ দেশের অন্যান্য জেলার অ্যাডভেঞ্চারপ্রিয় তরুণরা হিমালয় অভিযানে গেলেও চট্টগ্রামের তরুণরা এক্ষেত্রে পিছিয়ে ছিল। অসংখ্য পাহাড়-পর্বত অধ্যুষিত চট্টগ্রামের তরুণদের হিমালয় অভিযানে না যাওয়াটা বিস্ময়কর বলে তিনি মন্তব্য করেন। চট্টগ্রামের তরুণদের মধ্যে পর্বতারোহণ জনপ্রিয় করে তুলতে ভারটিকাল ড্রিমারসের উদ্যোগে প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।

সাংবাদিক সম্মেলনে ভারটিকাল ড্রিমারস ক্লাবের সদস্যদের মধ্যে ফরহান জামান ও আরিফ নেওয়াজ হিমালয় অভিযানে নিজেদের রোমাঞ্চকর অভিজ্ঞতা বর্ণনা করেন।