আর খেলতে কি পারবেন শন অ্যাবট!

শন অ্যাবটের শর্ট পিচ বাউন্সারে আঘাত পেয়ে ফিল হিউজের মর্মান্তিক মৃত্যু ঘটলো সম্প্রতি। এ ঘটনার পর অ্যাবটের ক্রিকেট ক্যারিয়ারই যেন অনিশ্চিত হয়ে গেল। বিশেষত মানসিক যন্ত্রণাটাই তাকে ঘায়েল করছে।  তাই  এ বিপর্যত অবস্থা থেকে বেরিয়ে আসতে অ্যাবটকে কাউন্সেলিংয়ের পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটাররা।
এদিকে, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেসিপি, মার্ক টেলররা অ্যাবটের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তাদের সঙ্গে একমত ভিভ রিচার্ডস ও ওয়াকার ইউনিসও। তারা মনে করছেন এখনই অ্যাবটকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া উচিৎ। একই মত সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিরও। তিনি অবশ্য আশা করছেন দ্রুত ট্রমা কাটিয়ে মাঠে ফিরবেন অ্যাবট। এ বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছে শন অ্যাবট।
তবে আশার কথা হল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম অ্যাবটের পাশেই দাঁড়াচ্ছে। সিডনি মর্নিং হেরাল্ডে লেখা হয়েছে, অ্যাবট আমরা তোমার কথা ভাবছি। ভালো থেকো। তোমার মনের অবস্থাটা যারা বুঝতে পারছেন, তাদের কথা শুনে চলো। 
সিডনি ডেইলি টেলিগ্রাফ লিখেছে, খেলোয়াড়, ধারাভাষ্যকাররা তরুণ অ্যাবটের পাশে দাঁড়াচ্ছেন। কেউ যেন ভুলেও না ভাবেন, অ্যাবটের কোন খারাপ উদ্দেশ্য ছিল। ও তো সেদিন স্বাভাবিক ক্রিকেটই খেলছিল।সময়ের সঙ্গে অ্যাবট সামলে উঠে ওর প্রিয় ক্রিকেটে ফিরবে।
ফিল হিউজের বোন মেগানও অ্যাবটকে সান্তনা জানিয়েছেন।  তার পাশে দাঁড়িয়েছেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমরা সার্বক্ষণিক অ্যাবটের ওপর নজর রাখছি এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছি। বিভিন্ন মহল থেকে তাকে সান্তনা জানানো হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান জেমস সাদারল্যান্ড সান্তনা দিয়ে জানিয়েছেন, অ্যাবট ভালো আছেন এবং পরিস্থিতি বুঝে উঠতে পারছেন। অ্যাবটের সঙ্গে আমার কিছুক্ষণ কথা হয়েছে। তাতে বুঝলাম, সবাই তার পাশে দাঁড়ানোয় মানসিকভাবে কিছুটা হলেও তিনি সাহস ফিরে পাচ্ছেন।