হিউজের পর এবার ক্রিকেট বলে প্রাণ গেল আম্পায়ারের

ক্রিকেট বিশ্ব ফিলিপ হিউজের শোক কাটিয়ে ওঠার আগেই এবার প্রাণ হারালেন একজন আম্পায়ার। ঘটনাটি ঘটেছে ইসরাইলের শহর অ্যাসডেডে লিগ খেলায়। শনিবার এই তথ্য জানিয়েছে ক্রিকইনফো।
ম্যাচ চলাকালীন ক্রিকেটারের শটে বলটি লেগে সরাসরি বোলারের প্রান্তে থাকা স্ট্যাম্পে লেগে হিল্লেল আওসকার নামে ঐ আম্পায়ারের মুখে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে পাশের শহর অ্যাশকেলনের একটি হাসপাতালের নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
ইসরাইলি পত্রিকা ‘হারেটস’ জানিয়েছে, বলের আঘাতের কারণে আওসকারের হার্ট অ্যাটাক হয়। 
৫৫ বছর বয়সী আওসকার ইসরাইলি ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ছিলেন। ১৯৮২ সাল থেকে আইসিসি ট্রফিতে পাঁচবার নেতৃত্ব দিয়েছেন। 
এর আগে গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে অ্যাবটের শর্ট বলে মাথায় আঘাত পান ফিলিপ হিউজ। তাকে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নেয়ার পর মাথায় অস্ত্রোপচারের পর তিনি কোমায় চলে যান। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।