‘যোগ্য দল হিসেবেই জিতেছে অস্ট্রেলিয়া’

টি-টোয়েন্টিতে মাত্র চারবার ভারতের বিপক্ষে শেষ বলে গিয়ে জয়ের নজীর আছে। এর মধ্য সর্বশেষ ম্যাচটির দেখা মিললো রোববার রাতে। বিশাখাপটনমে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিন উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া। এর আগে শেষ বলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি জিতেছে নিউজিল্যান্ড (২০০৯), শ্রীলঙ্কা (২০১০) ও ইংল্যান্ড (২০১৪)।

ভারতের সাত উইকেটে করা ১২৬ রানের জবাবে ২০ ওভারের পুরোটা লড়াই করে তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারী অস্ট্রেলিয়া। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামীকাল ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যে মাঠে নামবে বিরাট কোহলির দল।

জয়ে বড় অবদান রাখেন অজি পেসার নাথান কোল্টার-নাইল। তিনি চার ওভারে ২৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। বিরাট কোহলি মনে করছেন যোগ্য হল হিসেবেই জিতেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মতে রাহুল একটা ভালো ইনিংস খেলেছে। আমাদের মধ্যে ভালো একটা জুটি হয়েছে। এখান থেকে উইকেট বিবেচনা করে জয়ের জন্য ১৫০ রানই যথেষ্ট ছিল। কিন্তু সেটা আমরা পারিনি। যোগ্য দল হিসেবেই জিতেছে অস্ট্রেলিয়া।’

টসে হেরে ব্যাট করতে নেমে ১৬তম ওভারের শুরুতেই তিন উইকেট হারিয়ে ১০০ রানের কোটা পূরণ করে ফেলেছিল ভারত। তবে এরপরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংসটা বড় হয়নি স্বাগতিকদের। লোকেশ রাহুল ৫০, মহেন্দ্র সিং ধোনি ২৯ ও বিরাট কোহলি ২৪ রান করেন।

জবাব দিতে নেমে, অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যটা কঠিন করে ফেলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। তিনি চার ওভার বল করে ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। তবে গ্লেন ম্যাক্সওয়েলের ৫৬ রানের সুবাদে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

সংক্ষিপ্ত স্কোর:

টস: অস্ট্রেলিয়া

ভারত: ২০ ওভারে ১২৬/৭ (রোহিত ৫, রাহুল ৫০, কোহলি ২৪, পান্ত ৩, ধোনি ২৯*, কার্তিক ১, পান্ডিয়া ১, উমেশ ২, চেহেল ০*; বেহরেনডর্ফ ১/১৬, রিচার্ডসন ০/৩১, কোল্টার-নাইল ৩/২৬, জ্যাম্পা ১/২২, কামিন্স ১/১৯, শর্ট ০/১০)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২৭/৭ (শর্ট ৩৭, স্টয়নিস ১, ফিঞ্চ ০, ম্যাক্সওয়েল ৫৬, হ্যান্ডসকম ১৩, টার্নার ০, কোল্টার-নাইল ৪, কামিন্স ৭*, রিচার্ডসন ৭*; বুমরাহ ৩/১৬, চেহেল ১/২৮, উমেশ ০/৩৫, পান্ডিয়া ১/১৭, মারকান্ডে ০/৩১)

ফল: অস্ট্রেলিয়া তিন উইকেটে জয়ী

ম্যাচ সেরা: নাথান কোল্টার-নাইল

সিরিজ: অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।