যৌতুক না পেয়ে নববধূকে পিটিয়ে হত্যা



যশোরে যৌতুকের টাকা না পেয়ে রেখা (১৫) নামে এক কিশোরী নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই দেবরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মঞ্জুরুল ও মনোয়ার হোসেন।

নিহত রেখা মণিরামপুর উপজেলার জলকর গ্রামের আব্দুস সালামের মেয়ে। গত ১৯ নভেম্বর যশোর শহরের খড়কী এলাকার মোন্তাজ আলীর ছেলে নির্মাণ শ্রমিক জহিরুল ইসলামের সঙ্গে রেখার বিয়ে হয়।

রেখার বাবা আব্দুস সালাম জানিয়েছেন, অভাবের কারণে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন তিনি। বিয়ের আগে কোনো দেনা পাওনার কথা না থাকলেও তিন চার দিনের মাথায় তার স্বামী জহিরুল ৪০ হাজার টাকা দাবি করে। পরে তার ছেলে আমান বোনের শ্বশুর বাড়িতে গেলে ভাইয়ের সামনেই রেখাকে মারাপিট করা হয়। শনিবার বিকেলে সালামের কাছ থেকে জানতে পারেন তার মেয়েকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুস সালাম, দ্রুত হাসপাতালে এসে মেয়ের ওপর অত্যাচারের কথা জানতে পারি। শনিবার সকালে তাকে বাড়ির লোকজন পিটিয়ে মারাত্মক আহত করে। বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টার দিকে রেখা মারা যায়।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশের এসআই রুহুল আমিন বলেন, জখম অবস্থায় রেখাকে হাসপাতালে আনা হয়েছিল। নিহতের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বোঝা যাবে।