রিয়াল মাদ্রিদ গত রবিবার লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে স্পানিশ লিগ জয়ের ক্ষীণ আশা জিইয়ে রেখেছে। কোচ সান্তিয়াগো সোলারির দলের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। এর মধ্যে জয়সূচক পেনাল্টি ভয়ানকভাবে ক্ষুব্ধ করে স্বাগতিক লেভান্তেকে।
দুদলের খেলাটি ১-১ গোলে থাকার মধ্যেই ৭৮তম মিনিটে গ্যারেথ বেল পেনাল্টি মেরে তিন পয়েন্ট নিশ্চিত করে দেন রিয়ালকে। এ জয়ে রিয়াল দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান নয় পয়েন্টে নামিয়ে আনলো। যদিও মাঠের খেলায় দেখা যায় মিডফিল্ডার ক্যাসেমিরো সামান্য ঘটনাতেই মাঠে পড়ে যান। এরপর বক্সে নাটুকে ভঙ্গিতে গড়াগড়ি খান এই ব্রাজিলীয়।
রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ভিলানুভা সাথে সাথেই পেনাল্টির সিদ্ধান্ত দেন। এমনকি ভিডিও প্রযুক্তি ভিএআর এর সাহায্য নেওয়ার পরও এ সিদ্ধান্ত বহাল রাখেন তিনি। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি স্বাগতিকরা। লেভান্তে সভাপতি তো বলেই ফেলেন, ‘যত বেশি আমি ভিডিওটি দেখলাম, আমি খুব কমই বুঝলাম এটি। আমি এটা ৩৭বার দেখেছি। আমার কাছে এটাকে খুবই, খুবই নিষ্ঠুরতা মনে হয়েছে।’ গ্যারেথ বেল অবশ্য মাথা ঠান্ডা রেখেই শটটি নেন। এর আগের পেনাল্টিটি নেন করিম বেনজেমা। কিন্তু লেভান্তের রজার মার্টি তা শোধ করে দিয়েছিলেন।
লেভান্তের কোচ প্যাকো লোপেজ হারের পরও তার খেলোয়াড়দের হয়ে কথা বলেন। যদিও তার দল অনেক সুযোগ নষ্ট করে। এরমধ্যে প্রথমার্ধেই দুবার বারে লাগে বল। তারপরও পেনাল্টির ঘটনায় ক্ষুব্ধ কোচ বলেন, ‘রিপ্লে একেবারেই পরিষ্কার এবং আমি আমার খেলোয়াড়কে বিশ্বাস করি যে কিনা ১০০০ বার বলেছে যে সে তাকে (ক্যাসেমিরো) স্পর্শই করেনি। কোচ সোলারি এ ব্যাপারে জানান তিনি ওই ঘটনার রিপ্লে দেখেননি। কিন্তু ক্যাসেমিরো তাকে বলেছেন যে সে স্পর্শ পেয়েছিল।
সোলারি বলেন, ‘আমাদের কোচদের সমস্যা হলো এই যে আমাদের কাছে দেখার ব্যবস্থা থাকে না। কিন্তু ক্যাসেমিরো আমাকে যা বলেছে আমি তা বিশ্বাস করি। সে বলেছে খেলোয়াড়টি (ডোউকোরে) তার গোড়ালিতে পরিষ্কারভাবে আঘাত করেছে।’ এদিকে রিয়াল ডিফেন্ডার দানি কারভাহালও পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তটির পক্ষ নিয়ে কথা বলেছেন। তার বক্তব্য হলো, ‘আমি ২৫ মিটার দূরে ছিলাম এবং আমি কিক মারার শব্দ শুনতে পাই। আমি রেফারি নই এবং তাদের কাজটা অনেক কঠিন। রেফারি যদি একটা পেনাল্টির সিদ্ধান্ত দেয় এবং ভিএআর তা নিশ্চিত করে, তাইলে তো এটা পেনাল্টি হবেই।’ এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে ভিলারিয়ালকে হারিয়ে দ্বিতীয় স্থান বজায় রেখেছে। তারপরও বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষে থাকা বার্সেলোনার সাথে তাদের দূরত্ব সাত পয়েন্টের।