পাবনার সাঁথিয়ায় ট্যাংকলরির চাপায় সাইফুল ইসলাম (২৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছে চার ছাত্র-ছাত্রী। রবিবার বিকালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কোচিং সেন্টারে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, তলট গ্রামের রওশন আলীর বাড়িতে বিকেলে কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় সাঁথিয়া থেকে আসা একটি ট্যাংকলরির চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে। লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হন সাইফুল ইসলাম।
নিহত সাইফুল ইসলাম ধোপাদহ মাদ্রাসার বিএসসি শিক্ষক ও পার করমজা গ্রামের মাও. গোলাম ইয়াছিনের ছেলে। এ সময় মঞ্জুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী কুলছুম (১৫), রোজিনা খাতুন (১৫), করমজা মডেল স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র আশিক ইকবাল (১৩) ও ১০ম শ্রেণীর ছাত্র মামুন (১৫) গুরুত্বর আহত হয়।