শিরোপাধারী ম্যানচেস্টার সিটির কাছে ইএফএল কাপের ফাইনালে হেরে চেলসিতে প্রথম শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে কোচ মাউরিজিও সারির। তবে দলের পরাজয় ছাপিয়ে আলোচনার শীর্ষে ইতালিয়ান কোচের সিদ্ধান্ত অমান্য করে গোলরক্ষক কেপা আরিজাবালাগার মাঠে থেকে যাওয়ার ব্যাপারটি। ম্যাচের পর সারি একে নিছকই ভুল বোঝাবুঝির ফল বলে আখ্যা দিলেও খেলোয়াড় ডেভিড লুইজ জানালেন- কোচের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত ছিলো কেপার।
রবিবার রাতে ওয়েম্বলিতে প্রতিযোগিতাটির চূড়ান্ত লড়াই গোলশূন্য ছিল ১২০ মিনিট পর্যন্ত। চেলসি কোচ অতিরিক্ত সময়ে দু’বার মেডিক্যাল দলের শরণাপন্ন হওয়া কেপাকে পেনাল্টি শুটআউটের ঠিক আগ মুহূর্তে তুলে আর্জেন্টাইন পেনাল্টি শুটআউট বিশেষজ্ঞ উইলি ক্যাবায়েরোকে নামানোর সিদ্ধান্ত নেন। কেপাকে ডাগআউটে ফেরার ইশারা দিলে স্প্যানিশ গোলরক্ষকটি কোচের সিদ্ধান্ত অমান্য করেই মাঠে থেকে গিয়েছিলেন। ওই সময় উত্তপ্ত বাক্যবিনিময় হয় দু’পক্ষের। কোচ সারিকেও তখন বেশ ক্ষিপ্তই দেখাচ্ছিল।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের মুখোমুখি হয়ে সারি বলেন, ‘সে মুহূর্তে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো। আমার মনে হয়েছিলো সেখানে একটা সমস্যা হয়েছে এবং তাকে তুলে বদলি খেলোয়াড় নামানো প্রয়োজন আমাদের। এটা বড় একটা ভুল ছিলো। ভেবেছিলাম গোলরক্ষকটির মৃদু চোট আছে যার ফলে পেনাল্টিতে সে থাকতে পারবে না। কিন্তু সমস্যাটা তেমন বড়ও ছিলো না এবং সে পেনাল্টিতে গোলমুখে থাকতে সক্ষম হয়েছিলো।’ তবে ডিফেন্ডার ডেভিড লুইজ ভুল বোঝাবুঝির ব্যাপারটিকে স্বাভাবিক বললেও জানালেন সারির সিদ্ধান্ত মানা উচিত ছিলো সতীর্থ কেপার। তিনি বলেন, ‘খেলায় কখনো কখনো সবকিছু ভেঙে বুঝানোর সময় থাকে না। তাই এমন হওয়াটা স্বাভাবিকই। আমি তাকে বলেছিলাম কোচের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত কিন্তু আমি জানি না সিদ্ধান্তটা কি তার (কেপার) চোটের কারণে ছিলো কিনা কারণ সেটা একান্তই কোচের সিদ্ধান্ত।’