এক সঙ্গে দুটি দলের নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় ফুটবল দল এবং অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। যেখানে জাতীয় দল থেকে বাদ পড়েছেন ওয়ালী ফয়সাল, জাফর ইকবাল, শেখ জামালের জাবেদ খান এবং গোলকিপার রাসেল আহমেদ লিটন। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ শেষ খেলেছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে। সেখানে ছিলেন এই বাদপড়া খেলোয়াড়রা। সাফে খেলেও যারা তখন বঙ্গবন্ধু গোল্ডকাপে ডাক না পাওয়া সাদ উদ্দিন, শাখাওয়াত হোসেন রনি এবারো ডাক পাননি। আরেক ডিফেন্ডার নাসির চৌধুরীকে বঙ্গবন্ধু কাপে নেয়নি জেমি ডে। এবারো নাসিরকে ডাকেননি কোচ। ব্রিটিশ কোচ জেমি ডে এখন বাংলাদেশের বাইরে রয়েছেন। তিনি নাম জমা দিয়ে চলে গেছেন। আসবেন কয়েক দিনের মধ্যে।
কম্বোডিয়ার বিপক্ষে ৯ মার্চ বাংলাদেশ জাতীয় দলের ফিফা প্রীতি ম্যাচ কম্বোডিয়াতে। সেই ম্যাচের জন্য প্রাথমিক তালিকায় ২৭ জনকে ডাকা হয়েছে। কম্বোডিয়া যাবেন ২৩ জন। ডাক পাওয়া প্রাথমিক তালিকায় নতুন মুখ রয়েছেন দুইজন। শেখ রাসেলের ফরোয়ার্ড সোহেল রানা এবং আরামবাগের আরিফুর রহমান। দুজনেই তাদের পারফরম্যান্স দেখিয়ে জায়গা নিয়েছেন। সোহেল রানা দুই মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী সন্তানকে হারিয়েছিলেন। মানসিকভাবে বিধ্বস্ত সোহেল রানা আর ফুটবলে মনোযোগ দিতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা ছিল। ক্লাব ফুটবলে ভালো খেলে জাতীয় দলে জায়গা পেলেন। আরিফুর রহমান লিগে তিন গোল করে চোখে পড়েছেন। ভালো খেলেছেন আরিফুর। লিগের ম্যাচ খেলতে না পারলেও আবাহনীর মামুনুল ইসলাম এবারো জাতীয় দলে রয়েছেন।
ডাক পাওয়া প্রাথমিক খেলোয়াড়দের এখনই ক্যাম্পে ডাকা হয়নি। নাম ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো যেন তারা প্রস্তুত থাকে। মানসিক ভাবে প্রস্তুতির জন্যই ঘোষণা। কোচ ফিরলে নতুন নির্দেশনা দেওয়া হবে। একই ভাবে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে যে প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছে তারাও প্রস্তুত থাকবে প্রস্তুতির জন্য। জাতীয় দল ৬ মার্চ কম্বোডিয়ার পথে রওনা হবে। আর এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই ফুটবলের খেলা বাহরাইনে, মার্চে। ২২ মার্চ বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ। তার আগেই বাংলার তরুণ ফুটবলাররা সেখানে যাবেন। এখন প্রশ্ন উঠেছে দুইটা দল কিভাবে অনুশীলন করবে এবং কোচিং স্টাফ কিভাবে সমন্বয় করবে তা জানা যাবে কোচ জেমি ফিরলে। অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের নতুন মুখ রহমতগঞ্জের রাকিব হোসেন নোফেলের খন্দকার আশরাফুল ইসলাম, আবাহনীর গোলকিপার নাইম মিয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাহরাইন ছাড়াও ২৪ মার্চ ফিলিস্তিন এবং ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা।
প্রাথমিক জাতীয় দল
ঢাকা আবাহনীর-সোহেল, তপু, বাদশা, ফাহাদ, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, রুবেল মিয়া ও নাবীব নেওয়াজ জীবন। বসুন্ধরা কিংসের জিকো সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, ইমন বাবু, সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও ইব্রাহিম। শেখ রাসেলের আশরাফুল রানা, সোহেল রানা, বিপলু, বিশ্বনাথ ও ইয়াসিন খান। সাইফের জামাল ভুঁইয়া ও রহমত মিয়া। আরামবাগের হিমেল, রবিউল হাসান ও আরিফুর রহমান এবং শেখ জামালের মনজুরুর রহমান।
অনূর্ধ্ব-২৩ প্রাথমিক দল
আবাহনীর নাইম মিয়া, বাদশা, শিতুল। শেখ জামালের মনির হোসেন, সাইফের পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, আল-আমিন, জাফর ইকবাল, স্বাধীন, শেখ রাসেলের বিশ্বনাথ ঘোষ ও বিপলু, আরামবাগের মাশুক উদ্দিন আহমদ চৌধুরী, মাহফুজ হাসান প্রীতম, রকি, সুজন, রবিউল হাসান, আরিফুর রহমান ও সারোয়ার জামান নিপু। বসুন্ধরার জিকো সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, ইব্রাহিম, সোহানুর রহমান, রহমতগঞ্জের রাকিব হোসেন ও নোফেলের আশরাফুল ইসলাম।